নরসিংদী প্রতিনিধি: আধিপত্য নিয়ে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দু’জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা যায়। নিহত আমিনের পায়ে গুলির চিহ্ন রয়েছে।
জানা যায়, চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিএনপি নেতা সামুস মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন সালাম-সোহাগরা।
৫ আগস্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া’র সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতা সামসু মেম্বার।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় উঠতে চায়। এতে বাধা দেয় বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোকজন।
পরে দেশীয় অস্ত্র, টেঁটা-বল্লম, দা, ছুরি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও টেঁটা ও ছুড়িকাঘাতের আরও ১ জনসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন।
রায়পুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আদিল মাহামুদ জানান, সামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১০ জন।

