Site icon dbarta24.com

আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলটির মধ্যে যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার করা হবে।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়েও আলোচনা করেন।

তিনি বলেন, নির্বাচনের জন্য দুটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া থেকে বিভিন্ন ভুল তথ্য প্রচারিত হচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব ভুল তথ্য বাংলাদেশের স্থিতিশীলতা ও অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ড. কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবিলায় তার সংস্থা বাংলাদেশকে সমর্থন দেবে। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকল রাজনৈতিক দলকে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

Exit mobile version