Site icon dbarta24.com

আজ পবিত্র শবে কদর

ঢাকা, ২৭ মার্চ (বৃহস্পতিবার): আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে এই মহিমান্বিত রজনী। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারাদেশে মুসলমানরা পালন করবেন এই পবিত্র রাত।

শবে কদর ইসলাম ধর্মে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। পবিত্র কোরআনে এ রাতকে ‘হাজার মাসের চেয়ে উত্তম’ বলা হয়েছে। এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত লাভের আশা করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মসজিদ ও বাড়িতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া-দুরুদ ও মিলাদ মাহফিলের মাধ্যমে ইবাদত করবেন। রাতজুড়ে বিশেষ ওয়াজ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে।

উল্লেখ্য, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধানের তাগিদ দেওয়া হয়েছে। তবে ২৭ রমজানের রাতকে অনেক আলেম শবে কদর হিসেবে গণ্য করেন।

এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি মিডিয়াগুলো এ উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানমালা প্রচার করছে। পত্রিকাগুলোও প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  বাণীতে দেশবাসীকে শবে কদরের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের মাগফিরাত কামনা করেছেন।

Exit mobile version