Site icon dbarta24.com

ঈদে দীর্ঘ ছুটি: ঢাকা ছাড়বে প্রায় দুই কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর ঢাকা ছাড়তে চলেছে প্রায় ১ কোটি ৭২ লাখ ৭০ হাজার মানুষ। এদের মধ্যে রয়েছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ মহানগরী এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা।

ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে এই বিপুল সংখ্যক মানুষের ৬০ শতাংশ সড়কপথে, বাকি ৪০ শতাংশ নৌ ও রেলপথে যাত্রা করবেন। এ হিসাবে, এবার সড়কপথে ঈদযাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার, আর নৌপথে যাত্রা করতে পারেন ৬৯ লাখ ৮ হাজার মানুষ।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) ঈদ-পূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বেশি সংখ্যক মানুষ বাড়ি ফিরবেন। আগে ঈদের ছুটি সাধারণত তিন থেকে চার দিন হতো, কিন্তু এবার ঈদুল ফিতরের ছুটি ৯ দিন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো জনবহুল শিল্প ও বাণিজ্যিক শহরের ৫০ শতাংশ এবং জেলার অন্যান্য স্থানের ২০ শতাংশ মানুষ বাড়ি ফিরবেন। এ হিসাবে, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার (জনসংখ্যার ৫০ শতাংশ) মানুষ গ্রামের বাড়ি যাবেন।

Exit mobile version