Site icon dbarta24.com

ওয়ারীতে মা-ছেলের নিখোঁজের ঘটনা: ‘কালো জাদু’র অভিযোগ

ঢাকা, ২৭ মার্চ: রাজধানীর ওয়ারীতে স্কুল থেকে ফেরার পথে এক মা ও তার শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে জানা যায়, প্রেমের সম্পর্কের কারণে ওই নারী সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর তিনি বাড়ি ফিরেছেন। তবে তার স্বামীর দাবি, ‘কালো জাদু’ ও প্রলোভন দেখিয়ে তার স্ত্রী ও সন্তানকে একজন নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায়।

ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ জানান, নিখোঁজ গৃহবধূর মায়ের কাছে আসা কলের ফোন নম্বরের অবস্থান ডেমরার ডগাইর এলাকায় শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, এটি কোনো অপহরণ নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের জেরে ঘটেছে। পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনেন।

এর আগে গত ১১ মার্চ ওয়ারী স্ট্রিটের এক স্কুল থেকে সাত বছরের ছেলেকে নিয়ে বের হওয়ার পর ওই গৃহবধূ নিখোঁজ হন। স্কুলের সিসি ক্যামেরায় তাদের শেষ অবস্থান ধরা পড়ে, তবে এরপর তাদের গতিবিধি অজানা থাকে।

গৃহবধূর স্বামী নবাবপুরে ইলেকট্রনিক্সের ব্যবসা করেন। তিনি বলেন, “আমার স্ত্রীর আগের একটি সম্পর্ক ছিল। সেই ব্যক্তি তন্ত্র-মন্ত্র করে তাকে নিয়ে যায়। পরে সে বুঝতে পেরে ফিরে আসে।”

নিখোঁজের দিন সন্ধ্যায় এক অজানা ব্যক্তি তার শাশুড়িকে ফোন করে জানান, “আপনার মেয়ে ও নাতি ভালো আছে।” ফোন নম্বরটি বরিশালের এক ব্যক্তির নামে নিবন্ধিত থাকলেও কলটি ডেমরা থেকে করা হয়েছিল।

Exit mobile version