কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে ও সিএনজি চালক ওবায়দুল (৪০)। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে ইটবোঝাই একটি ট্রাক ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

