Site icon dbarta24.com

ধর্ষিত শিশুর জীবন সংকটাপন্ন: বারবার কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রেন ফাংশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বৃহস্পতিবার শিশুটির আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট (হৃৎস্পন্দন বন্ধ) হয়। দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরলেও ব্রেন ফাংশন কাজ করছে না। শিশুটির রক্তচাপ ও অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে জানানো হয়, শিশুটিকে সিপিআর দিয়ে স্থিতিশীল করা হলেও তার রক্তে লবণের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। শিশুটির রক্তচাপ ৬০/৪০ মিমি পারদ বা তার নিচে নেমে গেছে।

শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পিআইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা ক্রিটিক্যাল রয়ে গেছে।

গত বুধবার (৫ মার্চ) মাগুরায় শিশুটি বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং শনিবার বিকেলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেনাবাহিনী শিশুটির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ঘটনাটি নিয়ে সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশিত হচ্ছে।

Exit mobile version