ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, অনুষ্ঠান শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে একদল তরুণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হট্টগোলের পর দলীয় কর্মীদের বেষ্টনীতে গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এনসিপির এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে তিনি রওনা দেওয়ার সময় বাইরে একদল তরুণের সঙ্গে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা চলে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বরিশালের স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন না। শুধুমাত্র আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গেই তাদের যোগাযোগ সীমাবদ্ধ।
এতে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা নাহিদ ইসলামকে ঘিরে ফেলেন। পরে দলীয় কর্মী ও পুলিশের সহায়তায় তিনি গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সক্ষম হন।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেন।

