Site icon dbarta24.com

বরিশালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গণপিটুনিতে নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে চার বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন (২৪) নামে এক যুবক স্থানীয় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে তাকে আটক করে পিটিয়ে মারার পর রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা জিয়ানগর এলাকার মো. মনিরের ছেলে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে সুজনের পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটির মা তাকে প্রতিবেশী সুজনের বাড়িতে একটি রান্নার পাত্র ফেরত দিতে পাঠান। তখন সুজন ঘরে একা ছিলেন এবং শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে সুজন পালিয়ে যান।

পরদিন শনিবার শিশুটির মা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেন। পুলিশ তদন্তে এলে স্থানীয়রা সুজনকে আটক করে এবং তাকে গণপিটুনি দেয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

সুজনের ভাই আকাশ বলেন, সুজন এক সময় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল, কিন্তু এক মাস আগে তাদের সঙ্গ ত্যাগ করে। এরপর থেকেই সিন্ডিকেটের সদস্যরা তাকে হুমকি দিতো।

আকাশ দাবি করেন, ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কারণ শিশুটি সুজনের ভাগ্নি এবং তার বয়স মাত্র সাড়ে তিন বছর। তিনি আরও বলেন, সুজনকে পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

কোতয়ালী থানার এসআই মানিক সাহা জানান, সুজনের মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Exit mobile version