ডেস্ক রিপোর্ট: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ২৩ গুণ বেশি পাওয়া গেছে। রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকায়, যেখানে একিউআই স্কোর ২৩৬। তালিকায় এরপর রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২২১) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২০৯), এসব এলাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ সবচেয়ে দূষিত বাতাসের শহর ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৪৮। দ্বিতীয় অবস্থানে ঢাকা (১৯২), তৃতীয় মুম্বাই (১৮৪), চতুর্থ কাঠমান্ডু (১৭৬) এবং পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েত সিটি (১৬৮)। এসব শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ভালো, ৫১-১০০ হলে সহনীয়, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

