Site icon dbarta24.com

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদ উল্লাহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে —তিন ফরম্যাটেই বিদায় নিলেন তিনি। এক সপ্তাহ আগে তার সতীর্থ মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে বিদায়ের পর থেকেই মাহমুদ উল্লাহর এই সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছিল।

মাহমুদ উল্লাহ আজ  ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার অবসরের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ।’

তিনি আরও লিখেছেন, ‘সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে একটা সময় শেষ বলে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা।’

মাহমুদ উল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের হয়ে ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ৫৬৮৯ রান করেছেন ৩২টি অর্ধশতক এবং ৪টি সেঞ্চুরির মাধ্যমে। টেস্ট ক্রিকেটে তিনি ৫০ ম্যাচে ২৯১৪ রান করেছেন ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটির মাধ্যমে। টি-টোয়েন্টিতে তার রান ২৪৪৪, যেখানে রয়েছে ৮টি ফিফটি। বল হাতে তিনি সব ফরম্যাট মিলিয়ে ১৬৬টি উইকেট শিকার করেছেন।

মাহমুদ উল্লাহর অবসরের ঘোষণার আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে একটি যুগের সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়েছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবদানের জন্য কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছেন।

Exit mobile version