নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এক গৃহবধূকে তার নিজ ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ করে এবং ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে এ অভিযোগ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার অফিসার ইনচার্জকে বিষয়টির তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায়। অভিযুক্ত রাকিব মিয়া (৩২) ওই এলাকার বাসিন্দা এবং একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
সূত্রমতে, রোববার রাতে রাকিব ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় রাকিবের দুই সহযোগী মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ছাড়া তারা নারীর কানে ও গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তারা নারী ও তার স্বামীকে হুমকি দেয় যে, ঘটনা কাউকে জানালে তাদের গলাকেটে হত্যা করা হবে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।

