Site icon dbarta24.com

এবার স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ হবে না

নিজস্ব প্রতিবেদক: এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, “দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার বর্তমানে অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে এবং একটি যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।”

রোববার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস ও ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিনিয়র সচিব আরও জানান, ঈদ উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা সময়মতো পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ছুটি নিয়ে তৈরি পোশাক খাতের সংগঠনগুলোর সাথে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেন সচিব। তিনি বলেন, “ঝুঁকি সব সময় থাকে, তবে আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। চাঁদাবাজি বন্ধসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

Exit mobile version