দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত কিশোরী বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত সিএনজি ও তার চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে জানায়, বৃহস্পতিবার দুপুরে সে দিরাই পৌর শহরে কিছু কাপড় কেনার জন্য যায়। কেনাকাটা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসায় ফেরার জন্য দিরাই বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় ওঠে।
এ সময় আরও দুই যুবক অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর কিশোরী বুঝতে পারে অটোরিকশা সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছে। সে অটোরিকশা থামাতে বললে পাশে থাকা দুই যুবক তার মুখ চেপে ধরে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
কিশোরী তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক সেবিকা বলেন, “কিশোরীকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। সে এখন চিকিৎসাধীন।”
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, “শুক্রবার বিকেলে একজন শিক্ষক ফোন করে বিষয়টি জানান। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং কিশোরীর বাড়ি ও হাসপাতালে তদন্ত চলছে। এটি একটি স্পর্শকাতর ঘটনা, আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটির পরিবারের কেউ থানায় এলে মামলা নেওয়া হবে।”
এ ঘটনায় সিএনজি চালক ইমন খান (২৫) এবং মিঠু মিয়া নামে দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

