নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন ওরফে শাকিল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন শাকিল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা আশেপাশের এলাকা ও সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজি চালান, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে ওই কিশোরীকে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় মোফাজ্জল।
ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় মোফাজ্জল তাকে বারবার ধর্ষণ করে এবং মারধরসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

