Site icon dbarta24.com

ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসার ১১ বছরের ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদরাসার শিক্ষক মাহাদি হাসান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাদি হাসান মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং ওই মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার বিবরণ অনুযায়ী, যাত্রাবাড়ী এলাকার এক প্যাকেজিং ব্যবসায়ী গত বছর তার ছেলেকে হাসনাবাদ এলাকার একটি মাদরাসায় ভর্তি করেন। অভিযোগ রয়েছে, মাদরাসা পরিচালক মাহাদি হাসান ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে মাদরাসা থেকে নিয়ে যায় এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। চিকিৎসা শেষে পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র পর্যালোচনা করে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে।

Exit mobile version