Site icon dbarta24.com

পঞ্চগড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: প্রতিবেশী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাত্র তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) বিকালে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরিফুল ইসলাম সৌরভ (৩০) পেশায় রিকশাচালক। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে এ দৃশ্য দেখতে পান। ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধর করে। পরে শিশুটির মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, সৌরভ মাদকাসক্ত এবং প্রায় ৫ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি অসামাজিক কাজে জড়িত বলে প্রতিবেশীদের অভিযোগ। তারা বিভিন্ন সময় সৌরভের বিরুদ্ধে সালিশ বৈঠক করেছেন। শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, “আমরা শিশুটির বাবা-মায়ের কাছ থেকে জানতে পারি, সৌরভ শিশুটিকে যৌন নির্যাতন করেছে। আমরা এর কঠোর বিচার চাই, যাতে সমাজে কেউ এমন কাজ করার সাহস না পায়।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলেন, “প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশিত হয়েছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির পরিবার ও এলাকাবাসী আশা করছেন, দ্রুত বিচার কাজ সম্পন্ন হবে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version