ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের আটিগ্রামে এক বিয়ের অনুষ্ঠানে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়ার বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। আটিগ্রামে এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন শিশুটির পরিবার। সেখানে অভিযুক্ত কিশোর শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটির মা বিষয়টি টের পেয়ে টাঙ্গাইলে চলে আসেন। রোববার শিশুটিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুল রহমান বলেন, শিশুটির সোয়াব সংগ্রহ করা হয়েছে এবং সে বর্তমানে সুস্থ রয়েছে।
শিশুটির মা জানান, বিয়ের অনুষ্ঠানের রাতে তার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করা হয়। পরিবারটি মূলত মানিকগঞ্জের বাসিন্দা হলেও শিশুটির বাবা টাঙ্গাইলের সখীপুরে চাকরির সুবাদে সেখানে থাকেন। ঘটনার পর তারা টাঙ্গাইলে চলে যান।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

