নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে বর্তমান সরকার উৎখাত ও গৃহযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের ইমামতিতে বঙ্গভবনে নামাজ
বৃহস্পতিবার (২৭ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলা দায়ের করে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর একটি জুম মিটিংয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সহিংস পরিকল্পনা করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের সঞ্চালনায় ওই মিটিংয়ে ৫৭৭ জন অংশগ্রহণ করেন।
মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১২১, ১২১ক, ১২৪ক ও ৩৪ ধারা জড়িত রয়েছে, যা রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
আরও পড়ুন : বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর মদের বোতল হাতে ভিডিও ভাইরাল
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, মিটিংয়ের রেকর্ড পর্যালোচনায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে আদালতে মামলা দায়ের করা হয়, এবং সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা’, ‘গুম’ ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কোনো সাড়া মেলেনি।

