Site icon dbarta24.com

স্বামীকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের বামনায় এক শাশুড়ি স্বামীকে লুকিয়ে রেখে নিজ জামাইয়ের বিরুদ্ধে অপহরণ ও গুমের মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাশুড়ি লাইলী বেগম (৫৪) বামনা উপজেলার দক্ষিণ রামনা এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে বামনা থানা পুলিশ ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলার পাড় থেকে লাইলী বেগমের স্বামী আব্দুল খালেককে উদ্ধার করে। খালেক দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি খামারে চাকরি করছিলেন।

আরও পড়ুন : পরিত্যক্ত নবজাতকের বাবা-মায়ের সন্ধান মিলেছে

জানা গেছে, গত ১৫ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাইলী বেগম তার মেয়ে জামাই মো. হুমায়ুন হাওলাদার (৩৫), মেয়ে ডলি আক্তার (৩০) এবং আরও চারজনের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।

মামলার প্রথম আসামি হুমায়ুন হাওলাদার দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। তার শ্বশুরবাড়ির কিছু আত্মীয়ের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে তারা তার শ্বশুর আব্দুল খালেককে লুকিয়ে রেখে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন : ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজছাত্রী

হুমায়ুন বলেন, “আমাকে ফাঁসানোর জন্য এই মামলা করা হয়েছে। আমি গোপন সূত্রে জানতে পারি আমার শ্বশুর ঢাকার যাত্রাবাড়ীতে আছেন। বিষয়টি পুলিশকে জানালে তারা তাকে উদ্ধার করে।”

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “হুমায়ুনের সঙ্গে তার শালি শিরিনের পারিবারিক বিরোধ ছিল। শিরিন তার বাবাকে লুকিয়ে রেখে এই মামলা করেন। আদালতের নির্দেশে আমরা তাকে উদ্ধার করেছি।”

Exit mobile version