নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. রবিন (১৫) নামে এক কিশোরকে কেরাণীগঞ্জ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন শিশুর পরিবার।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুর ফুফু জানান, তার ভাতিজি নার্সারিতে পড়ে। গতকাল (রোববার) দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারেন। তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরাণীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শিশুর বাবা গতকাল রাত থেকে থানায় রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মামলা না হলে বা পুলিশ না এলে শিশুর চিকিৎসা সঠিকভাবে করা সম্ভব নয়। তাই তারা এই ঘটনা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে চান এবং দ্রুত বিচার চান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে ধর্ষণের অভিযোগে কেরাণীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরাণীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

