Site icon dbarta24.com

খতিব অপসারণ নিয়ে মসজিদের ভেতর দুপক্ষের সংঘর্ষ, হাতুড়িপেটায় আহত ৬

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে একটি মসজিদের খতিবকে অপসারণের সিদ্ধান্তকে কেন্দ্র করে মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের লোকজন চেয়ার ছোড়াছুড়ি এবং হাতুড়িপেটা করেন। এ ঘটনায় খতিবসহ ছয়জন আহত হন।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ভুঁইগড় রূপায়ন টাউন জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ভেতরে সংঘর্ষ ও হাতুড়িপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন গত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ পান।

এরপর থেকে তিনি খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি স্থানীয় বিএনপির সমর্থকরা নতুন করে মসজিদ পরিচালনা কমিটি গঠন করেন এবং জামাল উদ্দিনকে অপসারণ করে নতুন খতিব নিয়োগের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার রাত ১০টায় তারাবির নামাজ শেষে নতুন কমিটির নেতারা খতিব জামাল উদ্দিনকে অপসারণের চিঠি দিলে পুরাতন কমিটির সমর্থকরা এর প্রতিবাদ করেন। এ সময় নতুন কমিটির সমর্থকরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং মসজিদের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি ও হাতুড়িপেটা শুরু হয়।

এ সময় মসজিদের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। নারীসহ বেশ কয়েকজন মুসল্লি সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। এ ঘটনায় খতিব জামাল উদ্দিনসহ ছয়জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর আহতরা এ ঘটনার বিচার দাবি করলে মসজিদে আবারও উত্তেজনা তৈরি হয়। ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version