Site icon dbarta24.com

ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, ১৫ জন আহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

সোমবার রাতের এ ঘটনায় বিএনপি সমর্থকদের প্রায় ২৫টি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়।

ওই মামলার প্রসঙ্গে ১৩ মার্চ বিএনপি সমর্থিত হৃদয় নামের এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ দুই পক্ষের মধ্যে প্রথমবারের মতো উত্তপ্ত বাক্যবিনিময় ও মারামারি হয়। পরিস্থিতি শান্ত করতে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে বৈঠক বসে। বৈঠকে প্রায় ৩০০ থেকে ৪০০ লোক জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বৈঠকে সমঝোতার পরিবর্তে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ৮ জন এবং বিএনপির ৭ থেকে ৮ জন কর্মী আহত হন।

আহতদের মধ্যে জামায়াতের একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, তিনজনকে ফেনী হাসপাতালে এবং চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে বিএনপির আহত কর্মীদের মধ্যে একজনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

বিএনপি কর্মীদের অভিযোগ, জামায়াতের কর্মীরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ি ভাঙচুর করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শোনা গেলেও, এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

Exit mobile version