ডেস্ক রিপোর্ট : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো দখলদার রাষ্ট্র ইসরায়েলের হামলায় তিন দিনে দুইশ শিশুসহ অন্তত ৫০৬ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ৯০৯ জন।
গতকাল বৃহস্পতিবার গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে গাজায় দখলদার ইসরায়েলের শুরু করা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি আগ্রাসনে গত তিন দিনে নতুন করে ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল শিশুই রয়েছে ২০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৯০৯ ফিলিস্তিনি নাগরিক।
এ দিকে ইসরায়েল বলেছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা।
গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল গাজায়। নতুন চুক্তিতে পৌঁছানো নিয়ে উভয়পক্ষের মাঝে টানাপড়েন তৈরি হয়েছে; এর মাঝেই গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল।
বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকার প্রধান ভূখণ্ডের উত্তর ও দক্ষিণের মাঝে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।

