নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গোলাগুলিতে একজন পথচারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান জানান, নিহত পথচারীর নাম সুমন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. মারুফ জানান, ‘আজ রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী মো. সুমন মিয়া পায়ে হেঁটে যাওয়ার সময় ৫/৬ জন অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে, পেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’
সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিজেদের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়।

