নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি মাদরাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. ইয়াসিন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তিনি কয়েকদিন ধরে শিশুটিকে বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ বৃহস্পতিবার শিশুটি নিপীড়নের শিকার হয়। পরে বাড়ি ফিরে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর ইয়াসিনকে ধরে মারধর শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং দক্ষিণখান থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী শিশু ও তার পরিবারের বক্তব্য অনুযায়ী, শিক্ষক ইয়াসিন অন্তত তিনবার শিশুটিকে বলাৎকার করেছেন। এ ঘটনা জানার পর শত শত মানুষ মাদরাসার সামনে জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করেন।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটি সবার সামনে ঘটনার বর্ণনা দিচ্ছে। এ সময় উত্তেজিত জনতা ইয়াসিনকে আরও মারধর করে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

