ডেস্ক রিপোর্ট: নেত্রকোণায় ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার কথা বলে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (১৭ মার্চ) নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ও প্রলোভন দেখিয়ে জয়নগর সদর হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরী তার মাকে ঘটনাটি জানালে মা আরও জানতে পারেন যে, এর আগেও অভিযুক্ত একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেছে।
ভুক্তভোগীর মা রোববার (১৬ মার্চ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত কবিরাজকে পৌর শহরের নেওয়াজনগর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।

