নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন আব্দুর রশীদ সরকারের ছেলে মনির হোসেন সরকার ও জামাল মন্ডলের ছেলে কামরুল ইসলাম। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মাহাবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মনির ও কামরুল প্রতিবন্ধী কিশোরীকে জোর করে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে ধর্ষণ করে। অনেকক্ষণ কিশোরীকে না দেখতে পেয়ে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা মেয়েটিকে বাড়ির পাশের একটি আম বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতেই অভিযুক্ত মনির ও কামরুলকে তাদের বাড়ি থেকে আটক করে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। পুলিশ দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

