নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন গুতেরেস। সেখানে তিনি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন।
এই সফরের মাধ্যমে রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন জাতিসংঘ মহাসচিব।

