অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত এক বিশেষ ইফতার আয়োজনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ক্যাম্প-২০ এর ডেমো হিলে এই ইফতার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকেই রোহিঙ্গারা সেখানে জমায়েত হতে থাকেন।
এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম তাদের স্বাগত জানান।
জাতিসংঘ মহাসচিবের এ সফরে রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। তিনি রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে তাদের জীবনমান এবং চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
দীর্ঘ সাত বছর পর, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

