ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র বাজানো এবং তৃতীয় লিঙ্গের মানুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় সমাজপতিরা। গ্রামের দেয়ালে দেয়ালে নোটিশ টাঙিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, বাদ্যযন্ত্র বাজানো বা তৃতীয় লিঙ্গের মানুষদের প্রবেশ করলে ৪ হাজার টাকা জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে দাবি করা হয়েছে, গ্রামের ৯৫% মানুষ শিক্ষিত এবং এখানে ২০ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে ১৮ জন স্থানীয় নেতা, শিক্ষক, ইমাম ও সমাজসেবকের স্বাক্ষর রয়েছে।
স্থানীয়রা জানান, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো এবং তৃতীয় লিঙ্গের মানুষদের কার্যক্রমে গ্রামবাসীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনাও উঠেছে। অনেকেই এটিকে ব্যক্তি স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন।
ঝিনাইদহের বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন বলেন, “এটি সম্পূর্ণ বেআইনি। সাংস্কৃতিক চর্চা মানুষের অধিকার।” তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তারিক-উজ-জামান বলেন, “এ ধরনের নিয়ম তৈরি করা আইনবিরোধী। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামবাসীর এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই এটিকে সমাজের পিছিয়ে যাওয়ার লক্ষণ হিসেবে দেখছেন।

