নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানান, মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণের কারণে অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যু হয়েছে। জানাজার স্থান এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা করার পরিকল্পনা থাকলেও সম্ভাব্য ঝামেলা এড়াতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বা ধানমন্ডি-৭-এ অনুষ্ঠিত হতে পারে। দাফন হবে আজিমপুরে তার বাবা-মায়ের কবরের পাশে।
গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।
২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যান। ২০২০ সালের জুন মাসে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। একই বছরের ১৫ জুলাই বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন।
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। ২০১১ থেকে ২০১২ সালে নারী উন্নয়ন ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য স্পেনের রাজার পক্ষ থেকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ খেতাবে ভূষিত হন এই শিক্ষাবিদ।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

