নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। আদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে একই বাড়িতে ভিন্ন কক্ষে বসবাস করতেন। শ্বশুর আহসান উল্যাহ (৫৫) বিভিন্ন সময় পুত্রবধূকে অশালীন কথাবার্তা ও খারাপ কাজের প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগী তার স্বামী ও শাশুড়িকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।
রোববার রাত ১০টার দিকে গৃহবধূ তার কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সেহরির সময় শ্বশুর কৌশলে তার কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার করতে গেলে শ্বশুর তার মুখ চেপে ধরে এবং ধর্ষণের পর দ্রুত কক্ষ থেকে চলে যান। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে জেলে প্রেরণ করেছেন।
এদিকে, ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে।

