ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে জনতার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, শিশুটির মা অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শীঘ্রই আদালতে পাঠানো হবে।
মামলার এজাহার অনুযায়ী, শিশুটির মা তাকে বাসায় রেখে বড় মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত হান্নান শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে যান।
সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার সময় শিশুর চিৎকার শুনে মা ছাদে গিয়ে ঘটনাস্থল দেখতে পান। মায়ের ডাকে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।
অভিযুক্ত আব্দুল হান্নান মুন্সিগঞ্জের টরকী এলাকার বাসিন্দা এবং বর্তমানে কদমতলীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। শিশুটির মা ঘটনায় মর্মাহত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।

