Site icon dbarta24.com

বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর মদের বোতল হাতে ভিডিও ভাইরাল

ঝিনাইদহ, ২৭ মার্চ: ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের বোতল হাতে আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ হাতে এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করছেন। এরপর খাটের ওপর অবস্থান নিয়ে ফোন ব্যবহার করতে থাকেন। পাশে শুয়ে থাকা সাইদুর রহমান একটি কম্বল গায়ে দেন। পরে এলমা মদভর্তি বোতল ও ওয়ান টাইম গ্লাস হাতে নেন। ভিডিওটি কক্ষের ভেতর থেকে তোলা বলে মনে হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে এলমা খাতুন তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে দাবি করেন, এটি গত জুলাই-আগস্টে আন্দোলনের সময়কার ভিডিও। তিনি লিখেন, “আন্দোলনকালে সহযোদ্ধাদের সঙ্গে আমার বাড়িতে থাকতেন। এখন ক্ষমতার লোভে ভিডিওটি বিকৃতভাবে ছড়ানো হয়েছে।”

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং দু’জনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমন্বয়ক আবু হুরাইরা বলেন, “এটি ইচ্ছাকৃতভাবে তাদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা।”

গত ১৬ নভেম্বর ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এই সংগঠন। এতে সাইদুর রহমানকে সদস্য সচিব ও এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছিল।

Exit mobile version