চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর এ অভিযোগ তীব্রতা পায়। ভিডিওতে এক নারী ও অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।
ভুক্তভোগী ছাত্রী জানান, কয়েক মাস আগে মোয়াজ্জেম হোসেন চন্দনের বাড়িতে তাকে ধর্ষণ করা হয়। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে পরিকল্পিতভাবে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করা হয়। ছাত্রীটি অভিযোগ করেন, চন্দন শুধু তার সাথেই নয়, আরও অনেক ছাত্রীকে হয়রানি ও কুপ্রস্তাব দিতেন।
অভিযুক্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন নবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক এবং চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সদস্য। তার বড় ভাই মোদাস্বের হোসেন সুমন নবাবগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী জানান, সুমনের কাছে প্রাইভেট পড়ার সময় চন্দনের সঙ্গে তার পরিচয় হয়।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম সিদ্দিকী বলেন, ভিডিওটি দেখে তারা বিব্রত। গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন এবং তার ভাই মোদাস্বের হোসেন সুমন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

