Site icon dbarta24.com

মিছিলে লাকী আক্তার, জেলেদের পক্ষে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার (১২ মার্চ) বাংলাদেশ বাঁওড় মৎসজীবী আন্দোলনের বিক্ষোভ মিছিলে সামনের সারিতে দেখা গেছে শাহবাগ আন্দোলনের স্লোগানকন্যা খ্যাত লাকী আক্তারকে। মিছিলে অংশ নিয়ে তিনি জেলেদের ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার হয়েছেন।

মিছিলে ‘প্রকৃতির জলাধার, মানব না টেন্ডার’, ‘বাঁওড় মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার’ এবং ‘দুনিয়ার মজদুর, এক হও’—এ ধরনের স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে। বিক্ষোভকারীরা দাবি জানান, ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে জলমহাল নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এছাড়া, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ব্যানারে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করার দাবি তোলা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে মিছিলটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলে লাকী আক্তারসহ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা নেতৃত্ব দেন।

উল্লেখ্য, লাকী আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) রাতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা অভিযোগ করেন, লাকী শাহবাগে গণজাগরণ মঞ্চ-২ আয়োজনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’ এবং ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’—এর মতো স্লোগান দেন।

জেলেদের অধিকার আদায়ের এই আন্দোলন এবং লাকী আক্তারের সম্পৃক্ততা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Exit mobile version