রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকোলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
অভিযুক্ত ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। তিনি শিশুটিকে চকোলেট কিনে দেওয়ার কথা বলে নিজের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় এক নারী শুঁটকি কিনতে গিয়ে ঘটনাটি দেখে ফেলেন এবং স্থানীয়দের খবর দেন। পরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাড়িওয়ালা তানসেন, রুবেল এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তি পলিনসহ কয়েকজন মিলে শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে রাত ৯টার দিকে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে এবং বাড়িটি ঘিরে ফেলে। উত্তেজনা বাড়তে থাকায় রুবেল ও তানসেন ইব্রাহিমকে পালাতে সহায়তা করেন।
রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমার মেয়ের বয়স মাত্র সাত বছর। আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেলে আমি কাজ থেকে ফিরে শুনি, ইব্রাহিম আমার মেয়েকে ধর্ষণ করেছে। বাড়িওয়ালা তানসেন ও রুবেল আমাকে চাপ দিয়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলে ঘটনাটি চাপা দিতে চেয়েছেন। কিন্তু আমি আমার মেয়ের ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং ভুক্তভোগী পরিবারের বক্তব্য নিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”
এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

