অনলাইন ডেস্ক: ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী একজন কর্নেল পদমর্যাদার অফিসারের স্ত্রী। এ ঘটনায় মেঘালয় পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত অভিযুক্ত ব্রিগেডিয়ারকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী নারীর স্বামী শিলংয়ে কর্নেল পদে কর্মরত রয়েছেন। গত সোমবার তিনি পুলিশে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অসদাচরণের ঘটনার বিবরণ দেন। অভিযোগের মধ্যে রয়েছে অনুপযুক্ত মন্তব্য, শারীরিকভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো ঘটনা।
সবশেষ ঘটনাটি ঘটে গত ৮ মার্চ অফিসার্স মেসে আয়োজিত একটি অনুষ্ঠানে। অভিযোগকারী নারী জানান, ব্রিগেডিয়ার তার সম্পর্কে বারবার অপ্রাসঙ্গিক মন্তব্য করেন। তার অনাগ্রহ সত্ত্বেও ওই কর্মকর্তা অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন। এ সময় ব্রিগেডিয়ার তার ওপর শারীরিকভাবেও আক্রমণ করেন, যার ফলে তার স্বামী সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্রিগেডিয়ার তার প্রতিবেশী হওয়ায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। তিনি গত বছরের ১৩ এপ্রিলের আরেকটি ঘটনার কথাও উল্লেখ করেন। ওই দিন একটি অনুষ্ঠানে ব্রিগেডিয়ার তার পোশাক নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করেন। এর দুই মাস পর, তার বাড়িতে আয়োজিত রাতের খাবারের সময় স্বামীর সামনেই ব্রিগেডিয়ার জোর করে তার হাত ধরেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী নারী জানান, এসব ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, যার কারণে তিনি আগে পুলিশের কাছে বিষয়টি তুলে ধরতে পারেননি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌন হয়রানি, নারীর শালীনতা অবমাননা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে চলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

