ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের সদর উপজেলায় দেড় বছরের শিশু আরাফ শেয়ালের কামড়ে মারা গেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ইফতারের পর পরিবারের সদস্যদের অগোচরে আরাফ বাড়ির উঠানে খেলছিল। এ সময় একটি শেয়াল উঠান থেকে তাকে গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরাফের দাদা লালু মিয়া বলেন, “শিশুটিকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এক ব্যক্তি জঙ্গলে শেয়ালকে বাচ্চা নিয়ে যেতে দেখেন। পরে সেখানে গিয়ে আরাফের মরদেহ পাওয়া যায়। গলায় শেয়ালের কামড় ও বুকের ওপর পায়ের নখের দাগ ছিল। তাকে ফার্মেসিতে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।”
আরাফের বাবা লিংকন বলেন, “ইফতারের পর আমি ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ি থেকে খবর পেয়ে ছুটে আসি। আমার মাসুম সন্তানের এমন মৃত্যু কল্পনাও করতে পারিনি। সবাই তার জন্য দোয়া করবেন।”
এ ঘটনায় এলাকাবাসী শোক ও হতবাক হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

