Site icon dbarta24.com

৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওপাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গাংপাড় গ্রামে ৩ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে স্থানীয় গাংপাড় মসজিদের দক্ষিণ পাশে গভীর নলকূপের ড্রেনে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ মার্চ) অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত কিশোর মুন্নাফ পাশ্ববর্তী বাড়ির সুলতান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মসজিদে ইফতারি বিতরণের কথা শুনে শিশুটি মসজিদে যায়। অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় আসরের নামাজ শেষে মুসল্লিরা চলে গেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ইফতার দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে মসজিদের দক্ষিণ পাশের গভীর নলকূপের ড্রেনে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার শিশুটির মা নাছিমা খাতুন বলেন, মেয়ে কান্নাকাটি করে বাড়ি ফিরে আসে এবং প্রস্রাব বন্ধ হয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে স্থানীয় ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা করানো হয়। বুধবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকুনুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Exit mobile version