চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে গভীর রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২)। মানিক পেশায় গাড়িচালক এবং তাঁর বাড়ি হাটহাজারীর মদুনাঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া এক্সেস রোডের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। এক্সেস রোডের মুখে প্রবেশের পরপরই পেছন থেকে তিন-চারটি মোটরসাইকেল সেটিকে ধাওয়া দেয়। পরে দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
প্রাইভেটকারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের দিকে পাল্টা গুলি ছোড়া হয়। তবে মোটরসাইকেল আরোহীদের কাছে অস্ত্রের সংখ্যা বেশি ছিল। হামলাকারীরা সবাই হেলমেট পরা অবস্থায় ছিলেন, যাতে তাদের শনাক্ত করা না যায়।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

