কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিবর্ষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাদিদুল হুদার বাবা হাবিবুল হুদা চৌধুরী (৬০) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হাবিবুল হুদা চৌধুরী ওরফে কালু ইসলামাবাদ ইউনিয়নের শামসুল হুদা চৌধুরীর ছেলে। তাঁর ছেলে সাদিদুল হুদা ঈদগাঁও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা ও সাদিদুল হুদা জানান, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে আবদুর রাজ্জাকের লোকজন হাবিবুলের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করে, যাতে হাবিবুল হুদা চৌধুরী নিহত হন। এ সময় বাড়ির আরও দুই নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। তারা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিপক্ষের রিদওয়ানুল হক জানান, জমি বিরোধের জেরে শুক্রবার দুপুরে ঈদগাঁও থানা পুলিশের উপস্থিতিতে জায়গা দখলের চেষ্টা করা হয়। এ সময় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাঁকে মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। রাতের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং হাবিবুল হুদা গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এদিকে, সাদিদুল হুদার বাবাকে হত্যার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতের পর স্থানীয় ছাত্ররা পুলিশ সুপার কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, জমি বিরোধের জেরে সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোক বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

