Site icon dbarta24.com

গরু-ছাগল নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে নিহত এক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গরু-ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকা এ ঘটনা ঘটে।

জেলার মহাদেবপুর উপজেলায় চুরি করে পালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা। আহত চোরদের পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। নিহত চোরের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন -মাছুম (৩২) ও রুবেল (৩১)।

মহাদেবপুর পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে হানা দেয় ওই তিন জন। পরে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসে। এ সময় অভিযুক্তরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ তাদের ধাওয়া করে।

মহাদেবপুর-ন‌ওগাঁ আঞ্চলিক সড়কের নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয় স্থানে ব্যারিকেট দেয়া হয়। কিন্তু ডাকাত দল ব্যারিকেট ভেঙে পালাতে গেলে তাদের ট্রাকটি উল্টে যায়। এতে তিন জন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, আহত আটক দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version