Site icon dbarta24.com

গাড়ি থেকে টেনে তুলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে (৪০) গাড়ি থেকে টেনে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব -১১। মঙ্গলবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত অয়ন সোনারগাঁ উপজেলার পিরোজপুরের মো. হালিম মিয়ার ছেলে। ভুক্তভোগী নারী গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় একজন বাবুর্চির সহকারী। বুধবার (১২ মার্চ) র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে ওই গৃহবধূ তার দেবরকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তায় পৌঁছালে সজীব, হাসান ও অয়নসহ অন্তত আট জন তাদের অটোরিকশার গতিরোধ করে। এরপর গৃহবধূ ও তার দেবরকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নেয় তারা। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে দেবরকে মারধর করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা গৃহবধূর কানের দুলও নিয়ে যায়। এরপর সজীব, হাসান ও অয়নসহ আট জন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এর ভিত্তিতে এজাহারনামায় উল্লিখিত আসামি অয়নকে মঙ্গলবার রাতে গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Exit mobile version