নিজস্ব প্রতিবেদক: জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাওয়ার জন্য ভুয়া ছবি জমা দেওয়ার অভিযোগ উঠেছে নয়ন সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গাজীপুরের একটি দোকানে কাজ করা নয়ন গণ-অভ্যুত্থানে আহত হওয়ার দাবি করে ফাউন্ডেশনে একটি এডিট করা ছবি জমা দেন। তবে ছবিটি ফটোশপ করা বলে দ্রুতই ধরা পড়ে।
জুলাই ফাউন্ডেশন নয়নের প্রতারণা ধরে ফেললে তিনি স্বীকার করেন যে আবেদন বিশ্বাসযোগ্য করতে ভুয়া ছবি ও কাগজপত্র জমা দিয়েছিলেন। লিখিত বক্তব্য রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
শুধু নয়নই নন, আরও অনেকেই প্রতারণার আশ্রয় নিচ্ছেন। কেউ মোটরসাইকেল দুর্ঘটনায়, কেউ গাছ থেকে পড়া ডাবের আঘাতে, কেউ সাধারণভাবে পড়ে গিয়ে আহত হয়েছেন, কিন্তু দাবি করছেন তারা জুলাই গণ-অভ্যুত্থানে আহত।
এ ঘটনায় ঢাকার রমনা থানায় তিনটি মামলা হয়েছে এবং প্রায় ৫০টি প্রতারণার ঘটনা শনাক্ত করা হয়েছে।
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) জানিয়েছেন, জনবল সংকটের কারণে যাচাই-বাছাইয়ে বিলম্ব হচ্ছে, ফলে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তায় দেরি হচ্ছে এবং ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

