Site icon dbarta24.com

জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শহীদের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে তার বাবা নিহত হয়েছিলেন।

অভিযুক্তরা হলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। পুলিশ সাকিব মুন্সিকে আটক করেছে, তবে সিফাত মুন্সি এখনও পলাতক।

ঘটনার বিবরণে জানা যায়, শহিদ জসীম উদ্দীনের মেয়ে সন্ধ্যার পর বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাচ্ছিলেন। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত তাকে পিছু নেয়। পরে তারা তাকে জোর করে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় তারা তাকে নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

বুধবার ভুক্তভোগী দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Exit mobile version