Site icon dbarta24.com

স্কুলছাত্রী কামড় ও চিৎকার করে রক্ষা পেল চতুর্থ শ্রেণির ছাত্রী

ডেস্ক রিপোর্ট : যশোরের চৌগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুয়াতলী গ্রামে। ভুক্তভোগী শিশুটির পরিবারের বক্তব্য অনুযায়ী, মিঠু শিশুটিকে তার দাদি ডাকছেন বলে মাঠে নিয়ে যায়।

শিশুটি দাদিকে না দেখে বাড়ি ফিরতে চাইলে মিঠু তাকে পাশের পেয়ারা বাগানের মধ্য দিয়ে একটি কবরস্থানের পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি যেতে না চাইলে মিঠু তাকে মারধরের হুমকি দেয়।

একপর্যায়ে মিঠু শিশুটিকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ধস্তাধস্তি শুরু করে। এসময় শিশুটির গায়ের জামাও ছিঁড়ে ফেলে মিঠু। শিশুটি চিৎকার করতে থাকে এবং মিঠুর হাতে কামড় দেয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে মিঠু পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শিশুটির দাদি ও অন্যান্য আত্মীয়রা তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত মিঠুকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Exit mobile version