Site icon dbarta24.com

গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গোপনাঙ্গ কর্তন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকালে ওই নারী আত্মরক্ষার্থে অভিযুক্তের গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন বলে জানা গেছে। গত শনিবার রাতে রায়পুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেন।

ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী, তাঁর স্বামী প্রতি রাতের মতো শনিবারও গ্রামপুলিশের দায়িত্ব পালনে বাইরে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাদের ঘরে ঢুকে তিন সন্তানের মা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি নিজের কাছে রাখা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন। এতে আহত হয়ে লোকটি পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের পাশের বাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তাকে ‘কুপ্রস্তাব’ দিচ্ছিলেন। বিষয়টি তিনি স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের জানালেও কেউ তার কথা বিশ্বাস করেনি। এ কারণে তিনি আত্মরক্ষার জন্য সবসময় একটি ব্লেড নিজের কাছে রাখতেন। সেই ব্লেড দিয়েই তিনি অভিযুক্তের গোপনাঙ্গ আংশিক কেটে দেন।

অভিযুক্ত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, গ্রামপুলিশের দায়িত্বে থাকা ওই নারীর স্বামীর সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। দুই বছর আগে এই বিরোধের জেরে ভুক্তভোগীর স্বামী তাকে মারধর করে। এর প্রতিশোধ নিতে শনিবার রাতে তিনি তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী নারী ও দুই অচেনা লোক তাকে ঘরে ঢুকিয়ে গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন।

রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক বাহারুল আলম বলেন, “আহত ব্যক্তির গোপনাঙ্গের প্রায় ২০ শতাংশ কাটা গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version