সংবাদ প্রতিবেদন: দলে পদ পাওয়ার জন্য স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর আজ সোমবার তাকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী নিজেকে ফয়সালের স্ত্রী দাবি করে অভিযোগ করেন, ২০২৩ সালের ২৮ মার্চ তাদের বিয়ে হয় এবং বিয়ের পর থেকে সংসার পরিচালনার সমস্ত খরচ তাকেই বহন করতে হয়েছে।
তিনি আরও জানান, ফয়সাল তার কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করেছেন এবং নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
শিখার দাবি, ফয়সাল ছাত্রদলে পদ পাওয়ার পর থেকে তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং পরে তালাক দেন। এমনকি ছাত্রদলের নেতা হওয়ার পর বাঙলা কলেজের হলে দখলও নেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।”
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিখা জানান, তিনি ফয়সালের বিরুদ্ধে বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় পার্টি অফিসে জমা দিয়েছেন।
তিনি বলেন, “আমি তার সমস্ত খরচ চালিয়েও তাকে আটকে রাখতে পারিনি। এই ঘটনা আমার সামাজিক অবস্থানকেও ক্ষতিগ্রস্ত করেছে।”

